প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. তাঁর জীবদ্দশায় বিভিন্ন মাহফিল ও দীনি প্রোগ্রামে ওয়াজ-নসীহতের পাশাপাশি ২০০৩ সাল থেকে আমৃত্যু ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদে জুমুআর খুতবা প্রদান করেছেন|
তিনি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় মসজিদে জুমুআর খুতবা শুরু করেন ২৬/০৭/২০০৩ ইং তারিখে| তাঁর সে সকল আলোচনা অডিও রেকর্ড হত| সেখান থেকে সাতটি খুতবা অনুলিখন করে সংকলন করা হয়েছে| জুমআর সালাতপূর্ব তাঁর আলোচনার এ সংকলন উম্মাহর জন্য উপকারী হবে বলে আমরা মনে করি| কেননা বক্তৃতায় তিনি এমন অনেক সমাজ-সংলগ্ন ও জীবনঘনিষ্ট বিষয় আলোচনা করেছেন সঙ্গত কারণেই যা লেখনীতে আসেনি|
তিনি খুতবার আগে প্রায় এক ঘণ্টা দীনি আলোচনা করতেন এবং সালাতের পরে দীর্ঘ সময় ধরে চলত কুরআনের তাফসীর ও প্রশ্নোত্তর| দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসত তাঁর আলোচনা শোনার জন্য| তিনি আযানের আগেই মসজিদে চলে যেতেন| আযান শেষ হলে আলোচনা শুরু করতেন| গতানুগতিক ধারার বাইরে তিনি আলোচনা করতেন ইসলামের মৌলিক বিষয় ও জীবনঘনিষ্ঠ দিকগুলো নিয়ে| তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত, সৎকর্মে উৎসাহ, অসৎকর্মে অনুৎসাহ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ ইত্যাদি ছিল তাঁর আলোচনার মূল বিষয়বস্তু| এর পাশাপাশি তিনি তাঁর আলোচনায় সামাজিক অবক্ষয়, অনৈতিকতা, অশ্লীলতা ও যুবসমস্যা প্রভৃতি বিষয় তুলে ধরে নসীহত করতেন| তাঁর সে সকল আলোচনা অডিও রেকর্ড করা হত| আলোচনার রেকর্ডগুলো আস-সুন্নাহ ট্রাস্টের ওয়েবসাইটে সংরক্ষিত আছে|
আস-সুন্নাহ পাবলিকেশন্স ইতঃপূর্বে প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.-এর জীবদ্দশায় বিভিন্ন মাহফিলে ও টিভি চ্যানেলে প্রদত্ত তাঁর যুগজিজ্ঞাসার জবাব ‘জিজ্ঞাসা ও জবাব’ শিরোনামে কয়েকটি খণ্ডে বই আকারে প্রকাশ করেছে, যা পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে|
বর্তমান জটিল জীবনধারায় জুমুআর খুতবায় তাঁর প্রদত্ত জীবনমুখী আলোচনাগুলো মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকলকে ইসলামের আলোর পথ দেখাবে বলে আমরা আশা রাখি| এ আশাকে সামনে রেখে আস-সুন্নাহ পাবলিকেশন্স তাঁর অডিও খুতবাগুলো সংকলন করে ‘মি¤^ারের আহ্বান’ শিরোনামে সিরিজ আকারে মলাটবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে| এটি সিরিজের চতুর্থ খণ্ড| বিষয়বস্তুর সাথে মিল রেখে এই খণ্ডের নামকরণ করা হয়েছে ‘ইসলামি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য’| পর্যায়ক্রমে আরো কিছু খণ্ড প্রকাশিত হবে, ইনশা আল্লাহ|


Reviews
There are no reviews yet.